ঢাকা সংবাদদাতা: সরকারের সঙ্গে যোগসাজশেই সিটি নির্বাচন স্থগিত করেছে ইসি, অভিযোগ মির্জা ফখরুলের। শুক্রবার, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আইন মন্ত্রনালয় ও নির্বাচন কমিশনের যোগসাজশে নির্বাচন স্থগিত করা হয়েছে। কারণ, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব এই কাজগুলো করার, কিন্তু তাঁরা করেনি। সরকার যেহেতু খুব ভাল করে জানে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন হলে তাদের পরাজয় অবশ্যম্ভাবী ছিল, সেটাকে এড়িয়ে যাওয়ার জন্যই যোগসাজশ করে তাঁরা নির্বাচন ভণ্ডুল করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এটা নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা। নতুন ইউনিয়নগুলোকে সিটিতে আনা হয়েছে, কিন্তু তার সীমানা নির্ধারণ করা হয়নি, ভোটার তালিকা নিশ্চিত করা হয়নি। এতেই প্রমাণিত হয়, নির্বাচন কমিশন যোগ্য নয়। সব দলকে সমান সুযোগ না দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন হবে না।’
পরে, বেলা পৌনে ১১টার দিকে জিয়াউর রহমানের করবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে মহানগরের বিভিন্ন স্থান থেকে আশা নেতাকর্মীরা জিয়ার করবে শ্রদ্ধা নিবেদন করেন।















