ঢাকা সংবাদদাতা: সাধারণ মানুষের মাঝে পুলিশ নিয়ে এক ধরনের ভীতি রয়েছে। সহজেই কেউ পুলিশের কাছাকাছি ভিড়তে চায় না। সেই পুলিশের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে বিস্মিত ভ্যান চালক আতোর আলী। আতোর আলী বলেন, ‘জীবনে কখনো ভাবিনি পুলিশের কাছ থেকে ফুল পাবো। এটি আমার জীবনে বড় পাওয়া। এ ঘটনা আমার সারা জীবন মনে থাকবে।’
পথচারীদের অবাক করেই সোমবার (১ জানুয়ারি) সকালে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে ফুল দিয়ে নব বর্ষের শুভেচ্ছা জানিয়েছে গাংনী থানা পুলিশ। স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, অন্যান্য পথচারী, যানবাহনের যাত্রী ও চালকদের হাতে রজনীগন্ধা ও গোলাপের স্টিক তুলে দেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য। চলার পথে পুলিশের কাছ থেকে আকস্মিক ফুলেল শুভেচ্ছা পেয়ে অভিভূত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পুলিশের ব্যতিক্রম এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে।
পথচারীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পরে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের হাতে পুলিশ সুপারের দেয়া ফুলের তোড়া তুলে দেন ওসি। এদিকে একই সময়ে মেহেরপুর পুলিশ সুপারের নেতৃত্বে হাসপাতাল সড়কে পথচারী ও শিশুদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।















