বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি পেস্ট্রি কারখানায় এক বন্দুকধারী হামলা চালালে এক জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। এছাড়া হামলাকারীর হাতে আটক রয়েছেন বেশ কিছু মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রাশিয়ার সরকারি গণমাধ্যম আরআইএ।
হামলার পর দক্ষিণ-পূর্ব মস্কোতে অবস্থিত ওই পেস্ট্রি কারখানাটি ঘিরে রেখেছে পুলিশ। হামলাকারীকে পরাস্ত করে আটকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলাকারীর গুলিতে অন্তত দুই জন গুরুতর আহত হয়েছে। অন্য এক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, নিহত ব্যক্তি ইলোভাইস্কায়া স্ট্রিটের ওই কারখানার একজন নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
সূত্রের বিবৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, কারখানার সাবেক একজন মালিক এই গোলাগুলির ঘটনাটি ঘটিয়েছেন।















