ভাড়া না পেয়ে ভাড়াটিয়াকে হত্যা : বাড়িওয়ালা আটক

699

ঢাকা সংবাদদাতা: মাত্র ৯ হাজার টাকার ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাড়াটিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর দারুসসালাম থানাধীন সিটি কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত ভাড়াটিয়ার নাম মোতালেব (৪৫)। তিনি গোপালগঞ্জ মোকসেদপুরের এনতাজ আলী শেখের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রীর রাশিদা বেগমের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির মালিক শাহিনুর আক্তার ময়নাকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, মোতালেব নামে এক বাসার ভাড়াটিয়া মারা গেছেন। তার গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নই। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, বাসার মালিক ময়না শ্বাসরোধ করে ভাড়াটিয়া মোতালেবকে হত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই বাসা মালিক ময়নাকে আটক করা হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ময়না নামে বাসার মালিক ভাড়াটিয়া মোতালেবের কাছে ভাড়া বাবদ ৯ হাজার টাকা পেতেন। মোতালেব টাকা দিতে না পারায় ক’দিন ধরে বকাঝকা করে আসছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎই বাসার মালিক ময়না মোতালেবের স্ত্রী রশিদাকে রাস্তায় ফেলে মারধর করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের ভেতরে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় পাশেই মোতালের ১০ বছরের শিশুকন্যা মুক্তাও ছিল। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ খবর পেয়ে মোতালেবের মরদেহ উদ্ধার করে।