ঢাকা সংবাদদাতা: ঢাকা ও আসামের রাজধানীর গুয়াহাটির মধ্যে সরাসরি বিমান চলাচল চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিমান ও নভোএয়ার। এছাড়াও পর্যটন শিল্প বিকাশের অমিত সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও ঐকমত্য হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে ভারতের আসাম রাজ্যের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
বুধবার বিকালে ঢাকা সচিবালয়ে অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের বৈঠক করেন। ওই আলোচনায় দ্রুত বাংলাদেশ বিমান ও নভোএয়ারের ঢাকা-গুয়াহাটি ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলা বৈশ্বিক বিনিয়োগ সম্মেলনে রাশেদ খানকে আমন্ত্রণ জানান বিশ্বশর্মা। এজন্য আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে ধন্যবাদ জানান মেনন। আগামী বছরের ৩-৪ ফেব্রুয়ারি আসামের রাজধানী গুয়াহাটিতে ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট’ হওয়ার কথা রয়েছে।
বৈঠকে আসামের অর্থমন্ত্রী বলেন, প্রায় ৩.৪ কোটি মানুষ নিয়ে অসম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্য। রাজ্য সরকার এখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য পরিকাঠামোর উন্নয়ন ও আইন প্রণয়ন করেছে। ফলে বাংলাদেশি শিল্পপতিরা কৃষি, আইটি, খাদ্য প্রক্রিয়াকরণ, পেট্রো কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে বিনিয়োগের পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারেন।















