ব্রিটেনে সেভিংসের ওপর বাড়তি কর, তবে রয়েছে শর্ত…

38

সাইফ হাসান: যুক্তরাজ্যে নতুন বাজেট পেশ করে সঞ্চয় ও প্রপার্টি আয়ের ওপর কর বৃদ্ধির ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর জন হিলি। আগামী ৬ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টের সুদের ওপর নতুন এই বর্ধিত কর কার্যকর হতে যাচ্ছে। এতে সাধারণ বেসিক রেট করদাতাদের করের হার বেড়ে দাঁড়াচ্ছে ২৪ শতাংশে। এছাড়া হায়ার রেট করদাতাদের দিতে হবে ৪৪ শতাংশ এবং অতিরিক্ত আয়ের করদাতাদের ক্ষেত্রে এই হার হবে ৪৯ শতাংশ। তবে বিভিন্ন ধরনের করমুক্ত সুবিধা এবং বিকল্প বিনিয়োগের মাধ্যমে সাধারণ মানুষ এই বাড়তি করের চাপ অনেকটাই এড়াতে পারবেন।

যুক্তরাজ্যের সাবেক চ্যান্সেলর র‍্যাচেল রিভস ২০২৭ সালের এপ্রিল থেকে এই কর বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তবে বর্তমান চ্যান্সেলর জন হিলি সেই হারে আরও দুই শতাংশ যোগ করে নতুন এই হার নির্ধারণ করেছেন। এর পাশাপাশি অনূর্ধ্ব-৬৫ বছর বয়সীদের জন্য ক্যাশ আইসার সর্বোচ্চ সীমা কমিয়ে ১২ হাজার পাউন্ড করার পূর্ববর্তী প্রস্তাবটি বাতিল করে তা ২০ হাজার পাউন্ডেই বহাল রাখা হয়েছে।

ওয়েলথ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এভলিন পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক জেসন হল্যান্ডস এই পদক্ষেপকে সঞ্চয়কারীদের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখছেন। দ্য প্রাইভেট অফিসের ব্যক্তিগত অর্থবিষয়ক বিশেষজ্ঞ অ্যানা বোয়েস জানান, মূল্যস্ফীতি সাড়ে ৩ শতাংশে থাকলে কর পরিশোধের পর মূল অর্থ ধরে রাখতে বেসিক রেট করদাতাদের কমপক্ষে ৪ দশমিক ৬১ শতাংশ সুদ পেতে হবে। হায়ার রেট ও অ্যাডিশনাল রেট করদাতাদের ক্ষেত্রে প্রয়োজনীয় সুদের এই হার ব্যাংকের সাধারণ সঞ্চয় হিসাবে পাওয়া কার্যত অসম্ভব।

সাধারণ করদাতাদের জন্য বছরে ১২ হাজার ৫৭০ পাউন্ড পর্যন্ত ব্যক্তিগত আয়করমুক্ত ভাতা রয়েছে। এর পাশাপাশি বেসিক রেট করদাতারা পার্সোনাল সেভিংস অ্যালাউন্সের আওতায় বছরে এক হাজার পাউন্ড পর্যন্ত এবং হায়ার রেট করদাতারা ৫০০ পাউন্ড পর্যন্ত করমুক্ত সুদ পেতে পারেন। এছাড়া ব্যক্তিপ্রতি বছরে সর্বোচ্চ ২০ হাজার পাউন্ড পর্যন্ত ক্যাশ আইসায় বিনিয়োগের সুযোগ রয়েছে, যার পুরো লভ্যাংশই সম্পূর্ণ করমুক্ত।

কর বিশেষজ্ঞদের মতে, স্বামী বা স্ত্রীর মধ্যে যার করের হার তুলনামূলক কম, তার হিসাবে অর্থ স্থানান্তর করে করের মোট চাপ কমানো যেতে পারে। এছাড়া এজে বেলের মার্কেট প্রধান ড্যান কোটসওয়ার্থ মনে করেন, পেনশনে অতিরিক্ত অর্থ জমা রাখলে করছাড়ের সুবিধা নিয়ে সামগ্রিক করের পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। একই সাথে করমুক্ত প্রিমিয়াম বন্ড কিংবা স্বল্পমেয়াদি সরকারি গিল্টে বিনিয়োগ করেও সঞ্চয়কারীরা ভালো সুবিধা পেতে পারেন।

#যুক্তরাজ্যবাজেট #সঞ্চয়কর #ইউকেনিউজ #aknews #onebanglanews