সাইফ হাসান: যুক্তরাজ্যের কাউন্টি ডারহামে সড়ক খোঁড়াখুঁড়ির কারণে যানজট সৃষ্টি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে প্রতিদিন আড়াই হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হবে। আগামী সোমবার থেকে কার্যকর হতে যাওয়া এই লেন রেন্টাল স্কিম লন্ডনের বাইরে এই প্রথম কোনো কাউন্টিতে চালু হচ্ছে। মূলত ব্যস্ততম রাস্তাগুলোতে যানজট কমানো এবং জনদুর্ভোগ লাঘব করতেই স্থানীয় কর্তৃপক্ষ এই অভিনব উদ্যোগ নিয়েছে। এর ফলে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো পিক আওয়ারের বাইরে কাজ করতে এবং দ্রুত কাজ শেষ করতে বাধ্য হবে বলে আশা করা হচ্ছে।
ডারহাম কাউন্টি কাউন্সিলের তথ্যমতে, রিফর্ম ইউকে পরিচালিত এই কর্তৃপক্ষ গত সেপ্টেম্বরে জনমত যাচাইয়ের পর পরিবহন বিভাগের কাছে এই প্রকল্পের আবেদন করে। নতুন নিয়মের আওতায় নিউ এলভেট এবং থিনফোর্ড রাউন্ডঅবাউটের মতো ব্যস্ত সড়কগুলোতে কাজ করার ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে।
গ্রামীণ, কৃষি ও পরিবহন বিষয়ক মন্ত্রিপরিষদ সদস্য টিম ম্যাকগিনেস জানিয়েছেন, এই উদ্যোগটি সড়ক সংস্কারের কাজে আরও উন্নত পরিকল্পনা এবং সমন্বয়ে সাহায্য করবে। তিনি জানান, এর ফলে ব্যস্ত সময়েও মূল সড়কগুলো যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা সম্ভব হবে এবং একই সাথে জরুরি অবকাঠামোগত কাজও স্বাভাবিক নিয়মে চলবে।
নতুন এই নিয়মের কারণে প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম ব্যাঘাত ঘটে এমন পদ্ধতি ব্যবহার করবে বলে কাউন্সিল প্রত্যাশা করছে। পাশাপাশি, এই স্কিম থেকে প্রাপ্ত লভ্যাংশের অর্থ কাউন্টির রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে ব্যয় করা হবে বলেও নিশ্চিত করেন ম্যাকগিনেস।
ট্রাফিক পরিস্থিতি এবং যানজট প্রবণ এলাকাগুলোর বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমেই এই নতুন স্কিমটি তৈরি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এটি বাস্তবায়িত হলে সাধারণ বাসিন্দা, দর্শনার্থী এবং গণপরিবহন সেবার অযাচিত বিলম্ব অনেকাংশে কমে আসবে।
#aknews #onebanglanews #uknews #traffic #roadworks














