আইফোনের কিস্তির চাপ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

32
একটি ফোন কেনার আনন্দ যে একসময় এতটা ভয়াবহ চাপে পরিণত হতে পারে, তা হয়ত ভাবেননি দিল্লির দীপক কুমার। স্ত্রী ও দুই সন্তানকে বাড়িতে রেখে শুক্রবার রাতে যমুনায় ঝাঁপ দেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে ফিরেছেন এই যুবক।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আইফোনের মাসিক কিস্তি বা ইএমআই পরিশোধ করতে না পারার চাপ থেকেই দীপক এমন চরম সিদ্ধান্ত নেন। গত কয়েক মাস ধরে তার আয় কমে গিয়েছিল। ফলে কিস্তির টাকা জোগাড় করতে পারছিলেন না তিনি। এতে মানসিক চাপ বাড়তে থাকে।
দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার ভোলা ঘাটে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। টহলরত পুলিশ সদস্যরা দীপককে যমুনায় ঝাঁপ দিতে দেখে দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন। পরে জল ও কাদার মধ্য থেকে তাকে উদ্ধার করে ডাঙায় তোলা হয়।
দীপক ওখলার বাসিন্দা। পেশায় নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। পাশাপাশি বাগানে মালির কাজও করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার সংসার। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে। পরে পুলিশ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে এবং তার স্ত্রী ও শ্যালককে খবর দেয়া হয়। তাদের সঙ্গেই দীপক বাড়ি ফিরে যান।
দিল্লির এই ঘটনা সামনে এসেছে মহারাষ্ট্রে আইফোনের কিস্তি নিয়ে আরেকটি মর্মান্তিক ঘটনার পর। সেখানে কিস্তির টাকা দিতে না পারার বিষয়কে কেন্দ্র করে এক যুবক পাহাড়ের খাদে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তাঁকে আটকাতে গিয়ে বাবা-মায়েরও মৃত্যু হয়।
তবে দিল্লি ও মহারাষ্ট্রের ঘটনাকে একই কারণে ঘটেছে বলে নিশ্চিতভাবে দেখার সুযোগ নেই। দিল্লির ঘটনায় আইফোনের কিস্তির আর্থিক চাপের কথা পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।