শিশু যৌন অপরাধে চতুর্থ সাবেক পুলিশ গ্রেপ্তার!

22

সাইফ হাসান: যুক্তরাজ্যের রদারহ্যামে শিশুদের ওপর যৌ*ন অপ*রাধের অভিযোগে সাউথ ইয়র্কশায়ার পুলিশের চতুর্থ একজন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত পুলিশের দায়িত্বে থাকার সময় এই গুরুতর অপ*রাধ সংঘটিত হয় বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত মোট ১০ জন ভুক্তভোগী সাবেক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সামনে এসেছেন। বর্তমানে ন্যাশনাল ক্রাইম এজেন্সির অধীনে পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলোর বিশদ তদন্ত চলমান রয়েছে।

যুক্তরাজ্যের রদারহ্যামে সাউথ ইয়র্কশায়ার পুলিশের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে বিশদ তদন্ত করছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এই তদন্ত কার্যক্রমে সর্বশেষ অগ্রগতি জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট। এখন পর্যন্ত মোট ১০ জন ভুক্তভোগী নারী সামনে এসে পুলিশ কর্মকর্তাদের হাতে নির্মমভাবে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা প্রকাশ করেছেন।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ছোটবেলায় পাচারকারী চক্রের হাতে শোষিত হওয়া পাঁচজন নারী পুলিশের দ্বারাও নির্যাতনের শিকার হয়েছিলেন। এদের মধ্যে একজন নারী জানান, মাত্র ১২ বছর বয়স থেকে এক পুলিশ কর্মকর্তা তাকে পুলিশের গাড়িতেই একাধিকবার ধর্ষণ করেন। তিনি পুলিশের লালসার শিকার হতে রাজি না হলে তাকে পুনরায় অপরাধী চক্রের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হতো।

এই তদন্তের অংশ হিসেবে গত জুনে ষাটোর্ধ্ব এক সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়, যিনি বর্তমানে শর্তসাপেক্ষে জামিনে আছেন। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বর থেকে আরও তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে ধর্ষণচেষ্টা ও অসদাচরণের গুরুতর অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া কারও বিরুদ্ধেই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

রদারহ্যামে শিশুদের ওপর চলা এই ভয়াবহ নির্যাতনের চিত্র প্রথম বড় পরিসরে সামনে আসে ২০১৪ সালে। প্রফেসর অ্যালেক্সিস জে-এর তৈরি করা সেই যুগান্তকারী তদন্ত প্রতিবেদনে উঠে আসে যে, ১৯৯৭ থেকে ২০১৩ সালের মধ্যে শহরটিতে অন্তত ১,৪০০ শিশু এমন ভয়ংকর নির্যাতনের শিকার হয়েছিল।

#aknews #onebanglanews #rotherham #uknews #police