সাদিক খান লন্ডনে হাঁটা ও সাইকেল চলাচল উৎসাহিত করতে এবং সড়ক নিরাপত্তা বাড়াতে আরও ২০০টি সড়কে গাড়ি চলাচল সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছেন। ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) জানিয়েছে, দশকের শেষ নাগাদ রাজধানীজুড়ে নতুন “স্কুল স্ট্রিট” প্রকল্প চালু করা হবে, যেখানে স্কুলে আনা-নেওয়ার সময় গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
এই উদ্যোগটি “ভিশন জিরো” পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে লন্ডনের সড়কে সব ধরনের মৃত্যু ও গুরুতর দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা। TfL-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত লন্ডনে ৮০০টির বেশি স্কুল স্ট্রিট চালু হয়েছে। মেয়র সাদিক খান বলেন, এসব ব্যবস্থা বায়ুদূষণ কমাবে, যানজট হ্রাস করবে এবং মানুষকে আরও বেশি হাঁটা ও সাইকেল ব্যবহারে উৎসাহিত করবে।















