স্কটল্যান্ডের পার্থ ও কিনরস এলাকায় এম৯০ মোটরওয়েতে ভুল পথে চলা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটে কিনরস শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ স্কটল্যান্ডের তথ্য অনুযায়ী, একটি ধূসর রঙের ফোর্ড কুগা গাড়িকে দক্ষিণমুখী লেনে উত্তর দিকে চলতে দেখা যায়। পরে গাড়িটি জংশন সাতের কাছে দক্ষিণমুখী লেনে চলা একটি সাদা ভক্সহল কর্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় ফোর্ড কুগা চালানো ৪৪ বছর বয়সী ব্যক্তি এবং ভক্সহল কর্সা চালানো ২০ বছর বয়সী তরুণ ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ স্কটল্যান্ডের অপারেশনাল সাপোর্ট বিভাগের চিফ ইন্সপেক্টর লাইন উইলিয়ামসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দুর্ঘটনার পূর্ণ কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে, প্রত্যক্ষদর্শী এবং যাদের কাছে ড্যাশক্যাম ফুটেজ রয়েছে তাদের দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
তদন্তের স্বার্থে এম৯০ সড়কের দক্ষিণমুখী অংশ জংশন ছয় থেকে সাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা বন্ধ রাখা হয়।















