স্টানস্টেড বিমানবন্দরে আইটি ত্রুটির ধাক্কা: যাত্রীদের দীর্ঘ লাইন, উড়ান বিলম্ব!

26

সাইফ হাসান: লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে রোববার সকালে আইটি সিস্টেমে ত্রুটির কারণে চেক-ইন, ব্যাগেজ এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এর ফলে বিমানবন্দরে দীর্ঘ লাইন, উড়ান বিলম্ব এবং কিছু যাত্রীর উড়ান ছুটে যাওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিমানবন্দরের ভেতরে ও বাইরে যাত্রীদের ভিড় আর অপেক্ষার দৃশ্য।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের টিম আইটি ত্রুটির কারণে সৃষ্ট সস্যা সমাধানে কাজ করছে। সমস্যা ইতোমধ্যে সমাধান করা হলেও কিছু উড়ানে বিলম্ব হতে পারে। যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে, বিমানবন্দরে আসার আগে তাদের এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইটের অবস্থা যাচাই করে নিতে।”

স্টানস্টেডের এক মুখপাত্র পিএ মিডিয়াকে বলেন, “সব সিস্টেম এখন পুরোপুরি সচল হয়েছে এবং এই ত্রুটির কারণে কোনো উড়ান বাতিল হয়নি। ত্রুটির কারণ এখনো তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে কিছু সিস্টেমের ইন্টারনেট সংযোগে সমস্যা ছিল।”

এক যাত্রী, যিনি রায়ানএয়ারের রোমগামী উড়ান মিস করেছেন, দ্য গার্ডিয়ানকে বলেন, “আমি সকাল ৬টা কিছু পরে বিমানবন্দরে পৌঁছাই, আমার ফ্লাইট ছিল ৮টা ৫ মিনিটে। কিন্তু সময়মতো পৌঁছাতে পারিনি।” তিনি জানান, কাস্টমার সার্ভিস ডেস্কে এক ঘণ্টার লাইন ছিল এবং রোববারের বাকি ফ্লাইটগুলো পূর্ণ। রোমে তার বুক করা হোটেলের টাকাও ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

অন্য এক নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রী বিবিসি নিউজকে বলেন, “আমি সকাল ৪টা ৪৫ মিনিটে বিমানবন্দরে এসেছি। কিন্তু লাইন এত লম্বা ছিল যে প্রবেশপথের কাছাকাছিও যেতে পারিনি।” তিনি গ্রিসগামী ফ্লাইট মিস করেন। তিনি আরো বলেন, “একজন নারী এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলেন, তবু প্রবেশপথের কছে পৌঁছাতে পারেননি। নিরাপত্তা চেকের লাইন দরজার বাইরে এবং কোণা ঘুরে চলে গেছে।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত সবকিছু স্বাভাবিক করতে কাজ করছে এবং যাত্রীদের সুবিধার জন্য এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছে। তবে এই ঘটনা যাত্রীদের মাঝে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian