৮০ কোটি টাকার প্রস্তাব ফেরালেন বিজয় ও রাশমিকা ব্যক্তিগতভাবে সারছেন বিয়ে

35

সাইফ হাসান: দক্ষিণ ভারতীয় জনপ্রিয় জুটি বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন এখন তুঙ্গে। চলতি মাসের ২৬ তারিখ উদয়পুরে বসছে তাদের বিয়ের আসর। তাদের এই বিশেষ মুহূর্তের ভিডিও স্বত্ব কিনতে নেটফ্লিক্স ৮০ কোটি টাকার প্রস্তাব দিলেও তারা তা ফিরিয়ে দিয়েছেন। অনুষ্ঠানটিকে বাণিজ্যিক রূপ না দিয়ে একান্তই ব্যক্তিগত রাখতে চান এই তারকা দম্পতি।

বিজয় দেবারকোন্ডা এবং রাশমিকা মান্দানা দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন কাটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এই জুটির বিয়ের ভিডিও প্রচারের জন্য বিশাল অংকের প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকার এই প্রস্তাবটি বিজয় ও রাশমিকা সরাসরি নাকচ করে দিয়েছেন। অভিনেতা বিজয় দেবারকোন্ডা তার জীবনের এই বিশেষ দিনটিকে কোনো ব্যবসায়িক রূপ দিতে নারাজ।

অতীতে দক্ষিণি অভিনেত্রী নয়নতারার বিয়ের ভিডিও নিয়ে যে ধরণের আইনি জটিলতা তৈরি হয়েছিল তা মাথায় রেখেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তারা চান বিয়ের অনুষ্ঠানটি শুধুমাত্র পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন করতে। এর মাধ্যমে তারা ভক্তদের কাছে নিজেদের গোপনীয়তা বজায় রাখার বার্তাই দিয়েছেন।

গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড সিনেমায় একসঙ্গে অভিনয় করার পর থেকেই তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ চার বছর ধরে চলা ভক্তদের কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। রাশমিকা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সঠিক সময়ে তিনি নিজেই বিয়ের ঘোষণা দেবেন।

#বিজয়রাশমিকা #সাউথইন্ডিয়ানসিনেমা #বিনোদননিউজ #aknews #onebanglanews