ত্রয়োদশ নির্বাচনে জিতলেন ৭ স্বতন্ত্র প্রার্থী সবাই ছিলেন বিএনপির বিদ্রোহী নেতা

118

সাইফ হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া সাত স্বতন্ত্র প্রার্থীর পরিচয় পাওয়া গেছে। বিজয়ী এই প্রার্থীরা সবাই বিএনপির সাবেক নেতা এবং দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে লড়েছিলেন। প্রায় দুই দশক পর বিএনপি যখন সরকার গঠনের পথে তখন এই বিদ্রোহীরা নিজ নিজ আসনে বড় চমক দেখিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে দিনাজপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় তারা জনপ্রিয়তার প্রমাণ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে বিএনপি ও তার মিত্ররা ২১২টি আসন পেয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয় পেয়েছেন যেখানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন।

টাঙ্গাইল-৩ আসনে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। অন্যদিকে চাঁদপুর-৪ আসনে আব্দুল হান্নান ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কুমিল্লা-৭ আসনে কলস প্রতীকে আতিকুল আলম শাওন ৯১ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ-১ আসনে সালমান ওমর ১ লাখ ৭ হাজার ২৪১ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। এছাড়া দিনাজপুর-৫ আসনে এ জেড এম রেজওয়ানুল হক ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন।

বিজয়ী এই সাত নেতা মনোনয়ন না পাওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। দলটির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিনে এই বিদ্রোহীরাও নিজ নিজ যোগ্যতায় সংসদে নিজেদের জায়গা করে নিয়েছেন। প্রায় ২০ বছর পর বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বলে জানা গেছে।

#স্বতন্ত্র_প্রার্থী #নির্বাচন #বিএনপি #রুমিন_ফারহানা #aknews #onebanglanews