সাইফ হাসান: লন্ডনের কিংসবারি হাই স্কুলে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনায় সবাই স্তম্ভিত। ক্লাসরুমের ভেতরেই সহপাঠীর ঘাড়ে অ*স্ত্র দিয়ে আ*ঘাত করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই হা*মলায় গুরুতর আ*ঘাত পাওয়া এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন অবস্থায় রয়েছে।
উত্তর-পশ্চিম লন্ডনের কিংসবারি হাই স্কুলে গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত জানতে পেরেছে, অভিযুক্ত কিশোর ক্লাসে ঢুকেই প্রথমে এক শিক্ষার্থীর মুখে বিষাক্ত স্প্রে ছিটিয়ে দেয় এবং এরপর রান্নাঘরের বড় ছুরি দিয়ে ১৩ বছরের এক সহপাঠীর ঘাড়ে আঘাত করে। এতে ওই শিক্ষার্থীর মেরুদণ্ডে ফাটলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত তৈরি হয়েছে।
প্রথম আঘাতের এক মিনিটের মধ্যেই সে ১২ বছরের অন্য এক শিক্ষার্থীর ওপর চড়াও হয় এবং তার ঘাড়েও তিন সেন্টিমিটার গভীর ক্ষত তৈরি করে। প্রসিকিউটর ক্যাথরিন সেলবি জানান, অভিযুক্ত কিশোর পুরো হামলার দৃশ্য নিজের ফোনে ভিডিও করেছিল বলে অভিযোগ উঠেছে। এই অমানবিক ঘটনার সময় ক্লাসরুমে আরও অনেক শিক্ষার্থী এবং একজন শিক্ষক উপস্থিত ছিলেন।
ঘটনার প্রায় তিন ঘণ্টা পর পুলিশ একটি মসজিদের কাছ থেকে সেই কিশোরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং স্কুলে অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। আহত দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কামুক্ত হলেও তারা পুরোপুরি সুস্থ হতে পারবেন কি না সে বিষয়ে চিকিৎসকরা এখনো নিশ্চিত নন।
শুনানির সময় কিশোরটি কেবল নিজের নাম ও জন্ম তারিখ নিশ্চিত করার জন্য কথা বলেছে। আদালতের প্রধান বিচারক পল গোল্ডস্প্রিং তাকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পর কিংসবারি হাই স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হলেও শুক্রবার থেকে আবার চালুর কথা রয়েছে।
#লন্ডন #স্কুল #ঘটনা #aknews #onebanglanews















