সরকারি চাকরিতে কম বেতন তাই গোপনে দ্বিতীয় কাজ করছেন অনেকে

316

সাইফ হাসান: যুক্তরাজ্যের সরকারি খাতে কর্মরত অনেকেই এখন গোপনে একই সময়ে একাধিক চাকরি করছেন। কম বেতন আর কাজের একঘেয়েমি কাটাতে তারা এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন বলে জানা গেছে। তবে প্রশাসন বিষয়টিকে কঠোরভাবে দেখছে এবং একে অপ*রাধ হিসেবে গণ্য করে ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই প্রযুক্তির সহায়তায় এমন বহু কর্মীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয়েছে।

ইমতিয়াজ শামস নামের এক প্রযুক্তি উদ্যোক্তা নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, তিনি যখন সরকারি ফিন্যান্স সহকারী ছিলেন তখন গোপনে অন্য কাজ করতেন। তার মতে, বেতন মাত্র ১৬ হাজার পাউন্ড হওয়ায় এবং অফিসে কাজের চাপ কম থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেন, সরকারি ও সমাজকর্মীরা যথেষ্ট বেতন পান না বলেই অনেকে বাধ্য হয়ে নিয়ম ভাঙেন।

অন্যদিকে বার্নেট কাউন্সিলসহ বিভিন্ন সরকারি সংস্থা এখন ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের মাধ্যমে ডেটা যাচাই করে এমন কর্মীদের ধরছে। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ৩০১ জন কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং বেতন হিসেবে দেওয়া ১.৩৫ মিলিয়ন পাউন্ড উদ্ধার করা হয়েছে। সম্প্রতি একজনকে দুটি ফুল-টাইম চাকরি করার দায়ে অপ*রাধী সাব্যস্ত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘরে বসে কাজ করার সুযোগ বা ‘রিমোট ওয়ার্ক’ এই প্রবণতাকে উসকে দিয়েছে। যদিও একাধিক কাজ করা সব সময় বেআইনি নয়, তবে নিয়োগ চুক্তিতে নিষেধ থাকলে তা বড় বিপদ ডেকে আনতে পারে। সরকার জানিয়েছে, করদাতাদের টাকার অপচয় রোধে তারা এই ধরনের চো*র ধরার অভিযান আরও জোরদার করবে।

#যুক্তরাজ্য #চাকরি #অর্থনীতি #aknews #onebanglanews