সাইফ হাসান: ভেনেজুয়েলার বিরোধী নেত্রী কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট সাফ জানিয়ে দিয়েছে যে বিজয়ী বাদে অন্য কাউকে এই পুরস্কার দেওয়া অসম্ভব। সংস্থার নিয়ম অনুযায়ী নোবেল পুরস্কার একবার ঘোষণা হলে তা আর হস্তান্তর বা ভাগাভাগি করা যায় না। ট্রাম্প এই প্রস্তাবে রাজি থাকলেও নিয়মের বাধায় তা হচ্ছে না।
মাচাদো সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ তার পুরস্কারটি ট্রাম্পকে দিতে চান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কারণেই তিনি ট্রাম্পের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাম্পও জানিয়েছিলেন তিনি গর্বের সাথে এই পুরস্কার গ্রহণ করবেন।
কিন্তু নোবেল কমিটি এবং ইনস্টিটিউট যৌথ বিবৃতিতে জানিয়েছে, নোবেল পুরস্কারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী। এটি কোনোভাবেই প্রত্যাহার করা যায় না কিংবা অন্য কারো কাছে হস্তান্তর করা যায় না। পুরস্কার পাওয়ার পর বিজয়ীরা কী বললেন বা কী করলেন তা নিয়ে সাধারণত কমিটি কোনো মন্তব্য করে না।
ট্রাম্প নিজের কূটনৈতিক সাফল্যের জন্য অনেক দিন ধরেই নোবেল পুরস্কার পাওয়ার আশা করে আসছিলেন। কিন্তু নোবেল ইনস্টিটিউটের এই কড়া নিয়মের কারণে মাচাদোর ইচ্ছে থাকলেও ট্রাম্পের হাতে সেই পুরস্কার ওঠা সম্ভব হচ্ছে না। মাচাদো ২০২৪ সালে নির্বাচনে দাঁড়াতে না পেরেও গণতন্ত্রের জন্য লড়াই করে এই পুরস্কার পেয়েছিলেন।
#NobelPrize #DonaldTrump #CorinaMachado #WorldNews #aknews #onebanglanews















