সাইফ হাসান: কৃত্রিম বুদ্ধিমত্তার অস্বাভাবিক দ্রুত উন্নতি নিয়ে বিশ্বজুড়ে শঙ্কা বাড়ছে এবং এটি নিয়ন্ত্রণে আনার সময় হয়তো আমাদের হাতে আর নেই। যুক্তরাজ্যের শীর্ষ গবেষক ডেভিড ডালরিম্পল সতর্ক করে বলেছেন যে আগামী কয়েক বছরের মধ্যেই মানুষের সব কাজ মেশিনের দখলে চলে যেতে পারে। তিনি মনে করেন সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আগেই প্রযুক্তির এই আগ্রাসন মানবসভ্যতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করবে।
যুক্তরাজ্যের গবেষণা সংস্থা আরিয়ার পরিচালক ডেভিড ডালরিম্পল বলেছেন যে বর্তমানে প্রযুক্তির ক্ষমতা যেভাবে বাড়ছে তা নিয়ে আমাদের সবার উদ্বিগ্ন হওয়া উচিত। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এমন এক সময় আসছে যখন মানুষ যেসব কাজ করে তা এআই আরও ভালোভাবে করতে পারবে। আমাদের সমাজ ও সভ্যতা টিকিয়ে রাখার জন্য যেসব জায়গায় মানুষের আধিপত্য বজায় রাখা দরকার সেখানেও আমরা মেশিনের কাছে হেরে যেতে পারি।
আগামী পাঁচ বছরের মধ্যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সব কাজ মানুষের চেয়ে কম খরচে ও নিখুঁতভাবে মেশিন করতে পারবে বলে মনে করেন এই গবেষক। ডালরিম্পল জানান সরকার এবং প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে এই এআইয়ের ক্ষমতা ও ঝুঁকি বোঝা নিয়ে বড় ধরনের ব্যবধান রয়েছে। তিনি সতর্ক করেন যে এই উন্নত সিস্টেমগুলো পুরোপুরি নির্ভরযোগ্য এমনটা ভাবা আমাদের জন্য বোকামি হবে।
যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউট বা এআইএসআই এর সাম্প্রতিক প্রতিবেদনেও একই ধরনের উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে গত এক বছরে এআই মডেলগুলোর দক্ষতা নাটকীয়ভাবে বেড়েছে এবং কিছু ক্ষেত্রে তা দ্বিগুণ হয়েছে। এমনকি কিছু উন্নত মডেল এখন মানুষের সাহায্য ছাড়াই এমন সব জটিল কাজ করছে যা করতে একজন দক্ষ মানুষের এক ঘণ্টার বেশি সময় লাগত।
#AIWarning #FutureTech #AISafety #TechnologyNews #BanglaNews #aknews #onebanglanews















