দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে সপরিবারে দেশের পথে তারেক রহমান

137

সাইফ হাসান: দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষ করে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি সপরিবারে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তার ঢাকায় নামার কথা রয়েছে। তার এই ফেরাকে ঘিরে বিমানবন্দর এলাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। আগামী তিন দিন তিনি ব্যস্ত সময় কাটাবেন বলে জানা গেছে।

লন্ডনের স্থানীয় সময় বুধবার রাতে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে হিথরো বিমানবন্দরে পৌঁছান। রাত সোয়া ১০টার দিকে তিনি বিমানে ওঠার জন্য চেক-ইন প্রক্রিয়া শেষ করেন। এর আগে তার বিশেষ সহকারী আবদুর রহমান সানি এবং অন্যান্য নেতারা মালামাল বুকিংয়ের কাজ সম্পন্ন করেন।

বিএনপির এই শীর্ষ নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকা অবতরণ করবেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হবেন দলের কেন্দ্রীয় নেতারাসহ সাধারণ নেতা-কর্মীরা। বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তায় এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন সংবর্ধনা শেষে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়াকে দেখতে। এরপর শুক্রবার তিনি শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

শনিবার তার ব্যক্তিগত ও রাজনৈতিক আরও কিছু কর্মসূচি রয়েছে বলে বিএনপি সূত্রে জানানো হয়েছে। ওই দিন তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন। দীর্ঘ প্রায় দুই দশক পর তার এই ফেরাকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

#বিএনপি #তারেক_রহমান #রাজনীতি #বাংলাদেশ #aknews #onebanglanews