বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ছাত্র হ*ত্যা স্বীকার করলেন ব্রিটিশ র‍্যাপার

72

সাইফ হাসান: লন্ডনে বেপরোয়া গাড়ি চালিয়ে এক ছাত্রকে চাপা দেওয়ার ঘটনা স্বীকার করেছেন বিখ্যাত ব্রিটিশ র‍্যাপার ঘেটস। হিট-এন্ড-রান মামলায় ২০ বছর বয়সী ওই তরুণের মা\রা যাওয়ার দায় তিনি মেনে নিয়েছেন। পেন্টনভিল কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির হয়ে নিজের অপ*রাধ স্বীকার করেন তিনি। জনপ্রিয় এই সংগীতশিল্পীর এমন কাণ্ডে তোলপাড় শুরু হয়েছে বিনোদন ও ভক্তমহলে।

জনপ্রিয় এই র‍্যাপারের আসল নাম জাস্টিন ক্লার্ক-স্যামুয়েল। ৪১ বছর বয়সী এই শিল্পী পেন্টনভিল কারাগার থেকে ভিডিও কলের মাধ্যমে লন্ডনের ওল্ড বেইলি আদালতে হাজিরা দেন। গত ১৮ অক্টোবর তার গাড়ির নিচে চাপা পড়ে ২০ বছর বয়সী ছাত্র ইউবিন তামাং প্রাণ হারান, সেই ঘটনার দায় তিনি আদালতে স্বীকার করেছেন।

আদালতে জাস্টিন তার বিএমডব্লিউ এম-৫ মডেলের গাড়িটি অত্যন্ত বিপজ্জনকভাবে চালানোর কথাও মেনে নিয়েছেন। হিট-এন্ড-রান অর্থাৎ ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার এই ঘটনায় আগামী ফেব্রুয়ারি মাসে তাকে সাজা শোনানো হবে। আপাতত তিনি কারাগারেই থাকছেন।

ঘেটস নামে পরিচিত এই র‍্যাপার যুক্তরাজ্যে বেশ নামকরা। ২০২৪ সালে তিনি মারকারি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এবং ২০২১ সালে মোবো অ্যাওয়ার্ড জিতেছিলেন। এড শিরানের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সাথেও তিনি গান করেছেন। খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় এমন ঘটনায় তার ক্যারিয়ার এখন হুমকির মুখে।

#ব্রিটিশ_র‍্যাপার #দুর্ঘটনা #লন্ডন #বিনোদন_সংবাদ #আদালত