‘সেফ সিটি’ হচ্ছে ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

528

ঢাকা সংবাদদাতা: রাজধানী ঢাকাকে সেফ সিটি বা সম্পূর্ণ নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোতে বসানো হচ্ছে ই-গেইট। ফলে বিমানের যাত্রীদের আর ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে না। তারা স্মার্টকার্ড ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সেবা ‘৯৯৯’ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শহরকে নিরাপদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই প্রথমে রাজধানীকে সেফ সিটি করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শহরেও সেফ সিটি বাস্তবায়নে কাজ করা হবে।

তথ্য প্রযুক্তি খাতে দেশের উন্নয়ন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই-পাসপোর্ট করার উদ্যোগ নেয়া হচ্ছে। বিমানবন্দরে হবে ই-গেইট। ফলে বিমানের যাত্রীদের ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে না। নাগরিকরা স্মার্টকার্ড ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেইট চালু হয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে। যেখানে মানুষের কষ্ট নেই। ‘৯৯৯’ সার্ভিস ভবিষ্যতের শুরু। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও চালু হবে।