সাইফ হাসান: যুক্তরাজ্যে সপ্তাহান্তে শুরু হতে যাচ্ছে প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি করেছে হলুদ সতর্কতা। ইংল্যান্ড ও ওয়েলসের বেশিরভাগ এলাকায় পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বড় ঢেউ আছড়ে পড়তে পারে। মানুষের জীবন ও সম্পদের ক্ষতির ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মেট অফিস জানিয়েছে, আটলান্টিক থেকে পূর্বমুখী নিম্নচাপের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড ও ওয়েলসের উপকূলে রবিবার থেকেই ঘণ্টায় ৬০ থেকে ৭০ মাইল বেগে বাতাস শুরু হবে, যা পরে ভেতরের এলাকায় ছড়িয়ে পড়বে। সমতল অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ মাইল বেগে বাতাস বইতে পারে।
ডেপুটি চিফ মেটিওরোলজিস্ট স্টিফেন কোশার জানান, রবিবার থেকে শক্তিশালী পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকের বাতাস আঘাত হানবে। যদিও ঝড়ের নামকরণ নিয়ে জল্পনা চলছে, মেট অফিস জানিয়েছে এখনও এ ঝড়কে ‘স্টর্ম অ্যামি’ হিসেবে ঘোষণা করা হয়নি।
আবহাওয়া দপ্তরের মুখপাত্র গ্রাহাম ম্যাজ বলেছেন, “আমরা এখন শরতের মৌসুমে আছি, এ ধরনের আবহাওয়া এ সময়ে অস্বাভাবিক নয়। তবে গ্রীষ্মের উষ্ণ আবহাওয়ার পর হঠাৎ পরিবর্তনে এটি বেশি চোখে পড়ছে।”
এদিকে চালকদের সতর্ক থাকতে বলেছে আরএসি ব্রেকডাউন সার্ভিস। তাদের মতে, রবিবার রাত থেকে নতুন কর্মসপ্তাহের শুরুতে ঝোড়ো বাতাসে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হবে। বিশেষ করে ডেভন ও কর্নওয়ালের উঁচু রাস্তা দিয়ে যাতায়াতে বাড়তি সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পূর্বাঞ্চলে তুলনামূলক শুকনো ও রোদেলা আবহাওয়া দেখা দিলেও তাপমাত্রা ঠান্ডা থাকবে। লন্ডনে শনিবার ও রবিবার সর্বোচ্চ ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছে মেট অফিস।















