লন্ডনে হঠাৎ মৃত্যু কেলেঙ্কারিতে জড়ানো সাবেক এমপি ডেভিড ওয়ারবার্টনের, বয়স ৫৯

49

সাইফ হাসান: যুক্তরাজ্যের সাবেক সংসদ সদস্য ডেভিড ওয়ারবার্টন লন্ডনের ফ্ল্যাটে হঠাৎ মারা গেছেন। ৫৯ বছর বয়সী এই রাজনীতিক একসময় কোকেন সেবনের কথা স্বীকার করেছিলেন। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলেও পরে তা খারিজ হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যু অপ্রত্যাশিত হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সাবেক সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ডেভিড ওয়ারবার্টন সোমারসেটের সামারটন ও ফ্রম আসন থেকে ২০১৫ সালে কনজারভেটিভ পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২২ সালে যৌন হয়রানির অভিযোগের পর তাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন এবং পরে অভিযোগ প্রত্যাহার করা হয়।

তদন্ত শেষে অভিযোগ খারিজ হলেও ২০২৩ সালের জুনে তিনি স্বীকার করেন যে কোকেন গ্রহণ করেছিলেন। এরপর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের ফলে উপনির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী সারাহ ডাইক বিজয়ী হন।

গত ২৬ আগস্ট লন্ডনের চেলসির এক ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্স কর্মীরা। মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনাটি অপ্রত্যাশিত হলেও কোনো সন্দেহজনক পরিস্থিতি পাওয়া যায়নি।

সাবেক এমপি মার্কাস ফিশ বিবিসিকে বলেন, “ডেভিড ছিলেন একনিষ্ঠ সহকর্মী এবং সোমারসেটের মানুষের দৃঢ় রক্ষক।” তিনি আরও জানান, ওয়ারবার্টন ছিলেন প্রতিভাবান ও সংবেদনশীল মানুষ, যিনি নিজের নির্বাচনী এলাকার প্রতি গভীর আবেগ রাখতেন। তার মৃত্যুতে পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।