সাইফ হাসান: পূর্ব লন্ডনের ইলফোর্ডে একটি রেস্তোরাঁয় সন্দেহভাজন অগ্নিসংযোগে পাঁচজন আহত হয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও দমকল বাহিনী কাজ করছে।
গত শুক্রবার রাত ৯টায় গ্যান্টস হিলের উডফোর্ড অ্যাভিনিউতে অগ্নিকাণ্ডের খবর পায় পুলিশ। আগুনে রেস্তোরাঁর নিচতলার একাংশ ক্ষতিগ্রস্ত হয়। রাত ১০টা ৩০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।
আহত পাঁচজনকে দমকলকর্মীরা ভবন থেকে উদ্ধার করেন। এ ছাড়া নয়জন নিজেরা ভবন থেকে বের হতে সক্ষম হন। স্থানীয় বাসিন্দা এডওয়ার্ড থাওয়ে বলেন, তিনি একজন আহতকে দেখেন, যার পুরো শরীর পুড়ে গিয়েছিল।
৪৩ বছর বয়সী এডওয়ার্ড তার ১২ বছরের ছেলের সঙ্গে চিৎকার শুনে ঘটনাস্থলে যান। তিনি দৃশ্যটিকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এমন কিছু বারবার দেখতে চাই না। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে মেট পুলিশ।
ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মার্ক রজার্স বলেন, এই ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে। আমাদের বিশেষজ্ঞ গোয়েন্দারা দ্রুত তদন্ত করছেন। তিনি জানান, এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি থাকবে এবং কোনো উদ্বেগ থাকলে স্থানীয়দের পুলিশের সঙ্গে কথা বলার আহ্বান জানান।
ইলফোর্ড নর্থের সাংসদ ও স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স কর্মীদের দ্রুত সাড়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তদন্তে ঘটনার পেছনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এই ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।















