উইল্টশায়ারে থেমস নদীতে নৌকায় অগ্নিকাণ্ড: নয়জন হাসপাতালে

79

সাইফ হাসান: উইল্টশায়ারের লেকলেডের কাছে থেমস নদীর তীরে একটি আবাসিক নৌকায় অগ্নিকাণ্ডে নয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার মধ্যাহ্নে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং দর্শকরা নৌকায় থাকা লোকজনকে উদ্ধারে সাহায্য করেন।

উইল্টশায়ার পুলিশ জানায়, একটি শিশুকে ব্রিস্টল রয়্যাল হাসপাতাল ফর চিলড্রেনে এবং আরেকজনকে অক্সফোর্ডের জন র‌্যাডক্লিফ হাসপাতালে এয়ারলিফট করা হয়। অন্যরা অ্যাম্বুলেন্সে হাসপাতালে যান। আহতদের অবস্থা প্রকাশ করা হয়নি, তবে দুজন ছাড়া পেয়েছেন। জরুরি সাড়াদানে দুটি এয়ার অ্যাম্বুলেন্স, ছয়টি অ্যাম্বুলেন্স, তিনটি হ্যাজার্ড এরিয়া রেসপন্স টিম এবং দুটি র‌্যাপিড রেসপন্স গাড়ি ছিল।

গ্লুচেস্টারশায়ার, থেমস ভ্যালি, উইল্টশায়ার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ ইউনিট ও ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ জানায়, নদীর একটি অংশ বন্ধ করা হয়েছে এবং আগুনের কারণ তদন্ত চলছে। থেমস ভ্যালি এয়ার অ্যাম্বুলেন্স, হ্যাম্পশায়ার এবং আইল অফ ওয়াইট এয়ার অ্যাম্বুলেন্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian