পিতৃত্বকালীন ছুটির প্রতিশ্রুতি ভঙ্গ: নতুন বাবারা ক্ষুব্ধ!

233

সাইফ হাসান: যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন কর্মসংস্থান অধিকার বিলে নতুন বাবাদের জন্য প্রতিশ্রুত ‘প্রথম দিন থেকে’ পিতৃত্বকালীন ছুটির অধিকার পূরণ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। বিলটি প্রায় ৩০,০০০ নতুন বাবাকে ছুটির অধিকার দিলেও, নিয়োগকর্তার অধীনে নয় মাস কাজ না করলে তারা সরকারি বেতন পাবেন না। এই সিদ্ধান্তে লেবার দলের অভ্যন্তরে এবং অধিকারকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে।

ফাদারহুড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ক্যাথি জোন্¸বলেন, “প্রথম দিন থেকে ছুটি এবং বেতনের অধিকারের প্রতিশ্রুতি ছিল আশার আলো। কিন্তু বেতনের অংশ বাদ দেওয়ায় এটি বিশ্বাসঘাতকতার মতো মনে হচ্ছে।” তারা শিশুর প্রথম বছরে ছয় সপ্তাহের উচ্চ বেতনের ছুটির জন্য প্রচারণা চালাচ্ছেন।

মঙ্গলবার হাউস অফ লর্ডসে বিলটির আলোচনার সময় লেবার পিয়ার রুথ লিস্টার স্ক্যান্ডিনেভিয়ান-ধাঁচের ‘ড্যাডি মান্থ’ ছুটির প্রস্তাব করবেন, যাতে স্ব-নিযুক্ত বাবারাও অন্তর্ভুক্ত হন। তিনি বলেন, “নারীরা যতক্ষণ সন্তান পরিচর্যার দায়িত্ব বহন করবেন, ততক্ষণ তারা কর্মক্ষেত্রে সমান সুযোগ থেকে বঞ্চিত থাকবেন”

কনজারভেটিভ পিয়ার জোয়ানা পেন প্রথম দিন থেকে বেতনের অধিকারের জন্য সংশোধনী প্রস্তাব করবেন। তিনি বলেন, “বেতন ছাড়া ছুটির অধিকার শুধুই ফাঁকা কথা। সপ্তাহে ১৮৭.১৮ পাউন্ডের কম বেতন অনেক বাবার জন্য অপ্রতুল।”

লেবার এমপি স্টেলা ক্রিসি বলেন, “শুধু মাতৃত্বকালীন অধিকার বাড়ালে নারীদের প্রতি বৈষম্য আরও গভীর হবে। পুরুষদের সন্তানের সঙ্গে সময় কাটানোর অধিকার অর্থনীতি ও পরিবারের জন্য ভালো।”

যুক্তরাজ্যে বাবারা বর্তমানে দুই সপ্তাহের ছুটি পান, যার বেতন সপ্তাহে ১৮৭.১৮ পাউন্ড, যা জাতীয় জীবনযাত্রার মজুরির অর্ধেকেরও কম এটি সরকারের পিতৃ-মাতৃত্বকালীন ছুটির মোট ব্যয়ের মাত্র ১.৯%।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian