গর্ভবতী নারীদের জন্য বিপদ: শাবানা মাহমুদের বিলে নতুন নির্দেশনা বাতিলের হুঁশিয়ারি

77

সাইফ হাসান: যুক্তরাজ্যের বিচার সচিব শাবানা মাহমুদের নতুন বিলের কারণে গর্ভবতী নারীদের কারাগারে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে ২০টি সংগঠন। সেন্টেন্সিং কাউন্সিলের নির্দেশনা বাতিলের এই পদক্ষেপে গর্ভবতী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি উপেক্ষিত হতে পারে।

মাহমুদ জরুরি ভিত্তিতে এই বিল উত্থাপন করেন, যা বয়স, লিঙ্গ ও জাতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রি-সেন্টেন্সিং রিপোর্টের নির্দেশনা বাতিল করে। তিনি বলেন, “আইনের সামনে ভি্ন আচরণ মেনে নেব না।” তবে সংগঠনগুলোর দাবি, এই নির্দেশনা বাতিলে গর্ভবতী নারীদের কারাদণ্ডের ঝুঁকি বাড়বে, যা মা ও শিশুর জন্য মারাত্মক হতে পারে।

ব্রিটিশ প্রেগন্যান্সি অ্যাডভাইজরি সার্ভিসের প্রধান হেইডি স্টুয়ার্ট বলেন, “প্রতি বছর শত শত গর্ভবতী নারী কারাগারে যান। এতে গর্ভপাত, জটিলতা এমনকি নবজাতকের মৃত্যুর ঝুঁকি বাড়ে। এই নির্দেশনা থাকলে তাদের সুরক্ষা নিশ্চিত হতো।”

সেন্টেন্সিং কাউন্সিলের চেয়ারম্যান লর্ড জাস্টিস ডেভিস বলেন, “নির্দেশনা ভুল বোঝাবুঝির শিকার হয়েছে। এটি শুধু বিচারকদের তথ্য দিতে সাহায্য করত।” পরিজন রিফর্ম ট্রাস্টের মার্ক ডে এই বিলকে “অবিবেচনাপ্রসূত” বলে সমালোচনা করেন।

বিচার মন্ত্রণালয় জানায়, সরকার প্রি-সেন্টেন্সিং রিপোর্ট সমর্থন করে এবং নারীদের কারাদণ্ড কমাতে উইমেন্স জাস্টিস বোর্ড গঠন করেছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian