ড্রাইভিং টেস্টের জন্য অপেক্ষা কমছে: মাসে ১০,০০০ অতিরিক্ত টেস্ট!

185

সাইফ হাসান: ইংল্যান্ডে ড্রাইভিং টেস্টের জন্য দীর্ঘ অপেক্ষার সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। পরিবহন সচিব হেইডি অ্যালেক্সান্ডার ঘোষণা করেছেন, আগামী গ্রীষ্মের মধ্যে এই সমস্যা কমাতে প্রতি মাসে অতিরিক্ত ১০,০০০ টেস্টের ব্যবস্থা করা হবে। বর্তমানে অনেক এলাকায় টেস্টের জন্য ছয় মাসেরও বেশি অপেক্ষা করতে হচ্ছে, যা সরকার ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মনে করে।

বুধবার পার্লামেন্টের পরিবহন কমিটিতে অ্যালেক্সান্ডার বলেন, “আমরা ২০২৬ সালের গ্রীষ্মের ম্যে টেস্টের অপেক্ষার সময় সাত সপ্তাহে নামিয়ে আনতে চাই।” এ লক্ষ্যে ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ডস এজেন্সি (ডিভিএসএ) পরীক্ষকদের প্রশিক্ষণ দ্বিগুণ করবে এবং অতিরিক্ত সময়ের জন্য প্রণোদনা দেবে। তিনি আরও জানান, টেস্ট বুকিংয়ে বট ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যা শিক্ষার্থীদের শোষণ করছে।

হাই উইকম্বের বিশ্ববিদ্যালয় ছাত্রী মিলি ময়লার ২০২৩ সালের ডিসেম্বর থেকে টেস্টের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, “এটি আমার জীবনে বড় প্রভাব ফেলেছে।” আগামী জুলাইয়ে তার প্রথম টেস্ট, এবং তিনি আশাবাদী। সুইন্ডনের ডরাইভিং প্রশিক্ষক সু হাও বলেন, “কোভিডের পর থেকে পরীক্ষকের ঘাটতির কারণে টেস্ট পাওয়া কঠিন।”

এএ ড্রাইভিং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এমা বুশ বলেন, “অতিরিক্ত টেস্টের ব্যবস্থা তরুণদের জন্য সুযোগ তৈরি করবে, যারা চাকরি বা শিক্ষার জন্য ড্রাইভিং লাইসেন্সের ওপর নির্ভর করে।” গত বছর রেকর্ড ১৯.৫ লাখ টেস্ট বুক হয়েছিল, তবে চাহিদা বৃদ্ধি এবং বুকিং আচরণের পরিবর্তন সমস্যা তৈরি করেছে।

এই প্রতিবেদনের সূত্র: BBC