সাইফ হাসান: ব্রিটেনের সবচেয়ে বড় ইহুদি প্রতিনিধিত্বকারী সংগঠন বোর্ড অব ডেপুটিজের ৩৬ জন সদস্য গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনা করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করায় শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হচ্ছেন। এই ঘটনা ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের মধ্যে গভীর বিভক্তির ইঙ্গিত দিচ্ছে।
চিঠিটি ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়, যেখানে স্বাক্ষরকারীরা বলেন, “আমরা আর চোখ ফিরিয়ে নিতে বা চুপ থাকতে পারি না। ইসরাযেলের আত্মা ছিন্নভিন্ন হচ্ছে।” তারা আরও বলেন, “যা ঘটছে তা অসহনীয়, কিন্তু আমাদের ইহুদি মূল্যবোধ আমাদের প্রতিবাদ করতে বাধ্য করছে।”
বোর্ড অব ডেপুটিজ এক বিবৃতিতে জানায়, চিঠিটি তাদের ইসরায়েল নীতির প্রতিনিধিত্ব করে না। মঙ্গলবার একটি বিশেষ বৈঠকে নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয়, যা কমপক্ষে চার সপ্তাহ সময় নেবে। এদিকে, হ্যারিয়েট গোল্ডেনবার্গ নামে এক সদস্যকে আন্তর্জাতিক বিভাগের ভাইস-চেয়ার পদ থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
বোর্ডের প্রেসিডেন্ট ফিলরোজেনবার্গ বলেন, “আমরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে খুব গুরুত্বের সঙ্গে নিই। শুধুমাত্র আমাদের নির্বাচিত কর্মকর্তা ও অনুমোদিত কর্মীরাই সংগঠনের পক্ষে কথা বলতে পারেন।” প্রধান নির্বাহী মাইকেল ওয়েগিয়ার বলেন, “জাতীয় সংবাদপত্রে আমাদের সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিতর্ক প্রকাশ করা এবং সংগঠনের অবস্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা বিপজ্জনক।”
চিঠির স্বাক্ষরকারীদের অধিকাংশই রিফর্ম, লিবারেল বা মাসোর্তি সম্প্রদায়ের। অভিযোগগুলো মূলত ইউনাইটেড সিনাগগের সদস্যদের কাছ থেকে এসেছে, যা যুক্তরাজ্যের বৃহত্তম ইহুদি সম্প্রদায়।
এই পরতিবেদনের সূত্র: The Guardian














