সাইফ হাসান: কিশোরদের ঘুমের অভ্যাস নিয়ে নতুন গবেষণা চমকে দিয়েছে বিজ্ঞানীদের। যারা তাড়াতাড়ি ঘুমিয়ে বেশি সময় ঘুমায়, তাদের মস্তিষ্ক বেশি ধারালো এবং জ্ঞানভিত্তিক পরীক্ষায় তারা এগিয়ে থাকে। যুক্তরাষ্ট্রে ৩,০০০ কিশোরের ওপর চালানো এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে সম্প্রতি।
গবেষণায় দেখা গেছে, যে কিশোররা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং দীর্ঘ সময় ঘুমায়, তারা পড়াশোনা, শব্দভান্ডার, সমস্যা সমাধানের মতো পরীক্ষায় অন্যদের চেয়ে ভালো ফল করে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধযাপক বারবারা সাহাকিয়ান বলেন, “আমরা মনে করি, ঘুমের সময় আমাদের স্মৃতি সুসংহত হয়, যা মেধার উন্নতিতে সাহায্য করে।”
গবেষণায় অংশ নেওয়া কিশোরদের তিনটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপ (৩৯%) সবচেয়ে দেরিতে ঘুমাতে যেত এবং সকালে তাড়াতাড়ি উঠত, গড়ে ৭ ঘণ্টা ১০ মিনিট ঘুমাত। দ্বিতীয় গ্রুপ (২৪%) গড়ে ৭ ঘণ্টা ২১ মিনিট ঘুমাত। তৃতীয় গ্রুপ (৩৭%) সবচেয়ে তাড়াতাড়ি ঘুমাত, গড়ে ৭ ঘণ্টা ২৫ মিনিট ঘুমাত এবং তাদের ঘুমের সময় হৃদস্পন্দন ছিল সবচেয়ে কম। তৃতীয় গ্রুপের কিশোররা জ্ঞানভিত্তিক পরীক্ষায় সেরা ফল করেছে।
গবেষকরা জানান, এমনকি ঘুমের ামান্য পার্থক্যও মেধার ওপর বড় প্রভাব ফেলে। সাহাকিয়ান বলেন, “এটা অবাক করার মতো যে ঘুমের এত কম পার্থক্যও দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করে।” তিনি পরামর্শ দেন, নিয়মিত ব্যায়াম এবং রাতে মোবাইল বা কম্পিউটার ব্যবহার কমানো ঘুমের মান বাড়াতে পারে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘুম বিশেষজ্ঞ কলিন এসপি বলেন, “দেরি করে ঘুমানো এবং কম ঘুমানো কিশোরদের জন্য সমস্যা। স্কুলের দিনে তাড়াতাড়ি উঠতে হওয়ায় এটা আরও জটিল হয়।” তিনি প্রস্তাব দেন, স্কুলে ঘুমের স্বাস্থ্য নিয়ে শিক্ষা বাড়ানো উচিত।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















