সাইফ হাসান: যুক্তরাজ্যে বসবাসের জন্য ভুল ফর্ম পূরণ করায় এক পোলিশ নারীকে ফিরে যেতে বলেছিল হোম অফিস। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল করে তাকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় এলজবিয়েটা ওলজেউস্কা নামের ৮০ বছর বয়সী এই নারী ও তার পরিবারের মুখে ফুটেছে হাসি।
গত সেপ্টেম্বরে পোল্যান্ডের ওয়ারশ থেকে ছয় মাসের ভিসায় যুক্তরাজ্যে আসেন এলজবিয়েটা। তার একমাত্র ছেলে মিখাল ওলজেউস্কি (৫২), যিনি লিঙ্কন শহরে স্ত্রীর সঙ্গে থাকেন, মাকে কাছে রাখতে চেয়েছিলেন।ठিন্তু অনলাইনে ভুল ফর্ম পূরণ করায় ২৫ মার্চ হোম অফিস তার আবেদন বাতিল করে। তাকে বলা হয়, কাগজের ফর্মে আবেদন করতে হবে। এর মধ্যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, ফলে তিনি অবৈধভাবে থাকার ঝুঁকিতে পড়েন।
হোম অফিসের চিঠিতে বলা হয়েছিল, “আপনার আবেদন বৈধ নয়। অবৈধভাবে থাকলে আটক, জরিমানা বা দেশ থেকে বের করে দেওয়া হতে পারে।” এই খবর প্রকাশের পর হোম অফিস তড়িঘড়ি সঠিক ফর্ম পাঠায়। কয়েক দিনের মধ্যেই এলজবিয়েটার আবেদন মঞ্জুর হয় এবং তাকে পাঁচ বছরের জন্য ইইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় থাকার অনুমতি দেওয়া হয়।
মিখাল বলন, “এই দীর্ঘ লড়াই শেষে আমি খুব খুশি। মা এখন আমাদের সঙ্গে থাকতে পারবেন। এটা আমাদের জন্য বড় স্বস্তি।” তাদের উপদেষ্টা ক্যাথরিন স্মিথ বলেন, “হোম অফিসের দ্রুত সিদ্ধান্তে পরিবারটি একসঙ্গে থাকতে পারছে। এটা আনন্দের খবর।”
এই ঘটনা যুক্তরাজ্য ও পোল্যান্ডে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এমনকি এক ব্রিটিশ বৃদ্ধ এলজবিয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলেন, এটা পোলিশ-ব্রিটিশ বন্ধুত্বের প্রতীক হবে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















