লেস্টারশায়ারে পার্কে বৃদ্ধকে হত্যা: দুই কিশোরের দোষ স্বীকার

77

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের লেস্টারশায়ারে পার্কে কুকুর হাঁটাতে গিয়ে ৮০ বছর বয়সী ভীম কোহলি নামে এক বৃদ্ধকে বেধড়ক মারধরের ঘটনায় দুই কিশোর-কিশোরীকে ম্যানস্লটারের (অপমৃত্যু ঘটানো) অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন লেস্টার ক্রাউন কোর্ট।

ঘটনাটি ঘটে গত বছরের সেপ্টেম্বর মাসে ব্রাউনস্টোন টাউনের একটি পার্কে, যা কোহলির বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে। আদালতের শুনানিতে জানা যায়, ১৫ বছর বয়সী এক কিশোর ভীম কোহলিকে লাথি, ঘুষি মারেন এবং বর্ণবাদী ভাষায় গালাগালি করেন এ সময় কোহলি হাঁটু গেঁড়ে বসে ছিলেন। এরপর ওই কিশোর তার পায়ের স্লাইডার খুলে বৃদ্ধের মুখে সজোরে আঘাত করেন।

ঘটনার সময় ১৩ বছর বয়সী এক কিশোরী (ঘটনার সময় বয়স ছিল ১২) পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করেন এবং হাস্যরসাত্মক শব্দ করে হামলায় উৎসাহ দেন। পরে এই ভিডিও তার মোবাইল থেকে উদ্ধার করা হয়।

আদালতে প্রসিকিউটর হারপ্রীত সন্ধু বলেন, “একজন ৮০ বছরের মানুষ হাঁটু গেঁড়ে বসে আছেন—তাঁর কাছে কোনো হুমকি ছিল না। এটা ছিল নিছক হিংস্রতা। [ছেলেটি] কেবল আক্রমণ করেই থেমে থাকেনি, [মেয়েটি] তাকে উৎসাহ দিয়েছে এবং হাসছে।”

ভবিষ্যৎ হামলার কা জানার পরও মেয়েটি তা থামাতে চেষ্টা করেনি। বরং ভিডিও করার মাধ্যমে তা আরও উস্কে দিয়েছে বলে জানান প্রসিকিউশন।

আহতের শরীরে তিনটি পাঁজরের হাড় ভাঙা ও গলায় চোট ছিল, যা তাঁর মৃত্যু ডেকে আনে। হাসপাতালে মৃত্যুর আগে কোহলি একজন প্যারামেডিককে বলেন, তাকে “ধাক্কা, ঘুষি ও লাথি” মারা হয়েছে এবং বর্ণবাদী গালিগালাজ করা হয়েছে।

অভিযুক্ত কিশোর পরে হেফাজতে থাকা অবস্থায় একটি চিঠিতে লেখেন, “আমি যা করেছি তা ঘৃণা করি। মাঝে মাঝে চোখের সামনে ভেসে ওঠে সেদিনের দৃশ্য, যা আমাকে দারুণ কষ্ট দেয়।” তবে চিঠিতে কোথাও তিনি আত্মরক্ষার কথা উল্েখ করেননি।

অপরদিকে, কিশোরীকে জামিনে মুক্তি দিলেও ছেলেটিকে রিমান্ডে রাখা হয়েছে। বিচারক আগামী ২০ মে রায়ের তারিখ ঘোষণা করেছেন।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian

প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ