ওয়ানবাংলানিউজ: মিডল্যান্ডসের নিউক্রস হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন উল্ভারহ্যাম্পটন এলাকার স্টুডেন্ট নার্স সাফিয়া আহমেদি। কিন্তু নবজাতক চুরির অভিযোগের বিচার শুরু হওয়ার আগে ছয় মাস কারাগারে থাকতে হয়েছে সাফিয়াকে। কিন্তু শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি।
বিবিসির প্রতিবেদককে সাফিয়া তাঁর নার্সিং কোর্সের অর্জিত সনদ দেখিয়ে বলেন, নার্সের ইউনিফরম পরিধান করে তিনি গর্ব অনুভব করেন। নিউক্রস হাসপাতালের নীও-নাটাল ইউনিটে সন্দেহজনক আচরণের পর সাফিয়ার বিরুদ্ধে নবজাতক অপহরণের অভিযোগ ওঠে। সাফিয়া জানান, তিনি সেই ইউনিটে কাজ না করলেও সেই ইউনিটের এক রোগীর সাথে তাঁর ব্যাক্তিগত যোগাযোগ হয়।
হাসপাতাল থেকে গ্রেফতার হওয়ার পর ছয় মাস কারাগারে ছিলেন সাফিয়া। কারাগারে অন্য বন্দীর হাতে তিনবার হামলার শিকারও হন তিনি। কারাবন্দী জীবনে তিনি ভেঙ্গে পড়েন।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসেস জানিয়েছে, সতর্কতার সাথে এই মামলার প্রমাণাদি বিশ্লেষণ করে তাঁরা চার্জ গঠন করেছিল। বিচার কাজে নিয়োজিত জুরিরা ৪৮ মিনিটের শুনানিতেই সিদ্ধান্ত নেন সাফিয়া আহমেদি নির্দোষ।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিস এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, তাঁরা জুরিদের সিদ্ধান্তকে সম্মান জানান। সাফিয়া জানিয়েছেন, তিনি আবার তাঁর নার্সিং প্রশিক্ষণে ফিরে যেতে চান এবং তাঁর দুই সন্তানের সাথে আবার মিলিত হতে চান।
২০১১ সালে আফগানিস্তান থেকে ইংল্যান্ডে আসেন সাফিয়া আহমেদি। ইংল্যান্ডে আসার পর প্রথম স্বামীর সাথে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। এখন তিনি দ্বিতীয় স্বামীর সাথে আছেন। ২০২২ সালে সাফিয়া উল্ভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে নার্সিং কোর্স শুরু করেন।















