আজ মুখোমুখি রংপুর-খুলনা ও সিলেট-চিটাগাং

930

খেলাধুলা ডেস্ক: সিলেটে-ঢাকা মাতিয়ে এবার বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। আজ শুক্রবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএল তৃতীয় পর্ব।
দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় খুলনা টাইটানসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় ঘরের দল চিটাগাং ভাইকিংস খেলবে সিলেট সিক্সার্সের বিপক্ষে। ২৯ নভেম্বর পর্যন্ত খেলা চলবে চট্টগ্রামের মাটিতে।
দুই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। দুইয়ে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৯। তিন নম্বর জায়গায় দরয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৯। চারে আছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। তাদের রয়েছে ৭ পয়েন্ট। পাঁচ, ছয় এবং সাতে যথাক্রমে রংপুর রাইডার্স (৬ ম্যাচে ৬ পয়েন্ট), রাজশাহী কিংস (ম্যাচে পয়েন্ট ৪), চিটাগাং ভাইকিংস (৬ ম্যাচে ৩ পয়েন্ট)।
শুরুতে কিছু ম্যাচ হেরে বিপদেই ছিল রংপুর। তবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শেষ দুই ম্যাচ জেতায় দলটির সামনে রয়েছে শীর্ষ চারে যাওয়ার সুযোগ। ৬ ম্যাচে সমান ৩টি করে জয় ও হারে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।
তালিকায় তলানির দুই দল রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস। ড্যারেন স্যামির নেতৃত্বে রাজশাহীর সাফল্যের হার খুবই খারাপ। ৭ ম্যাচের পাঁচটিই হেরেছে তারা। তবে গেল বিপিএলে এমন অবস্থা থেকে উঠে এসে দলটি ফাইনালে খেলেছিল। ছয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া চিটাগাং ঘরের মাঠে ভাল কিছু করে নিজেদের জন্য আশা জাগিয়ে রাখতে পারে।
বিদেশি খেলোয়াড়দের চাপে দেশিদের ভালো পারফরম্যান্সের প্রতিবন্ধকতা নিয়ে বেশ আলোচিত এবারের বিপিএল। তবে যেসব স্থানীয় খেলোয়াড় সুযোগ পেয়েছেন তারা বেশ ভালোভাবেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বোলারদের মধ্যে ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে আছেন খুলনার পেসার আবু জায়েদ রাহী। তিনি সহ মোট ৬জন স্থানীয় বোলার আছেন শীর্ষ দশের মধ্যে।
ব্যাটসম্যানদের তালিকায় অবশ্য শীর্ষে ক্যারিবীয়ান ব্যাটসম্যান এভিন লুইস। ৭ ম্যাচে ২৩৯ রান ঢাকার এই ব্যাটসম্যানের। ৬ ম্যাচে ২০১ রান নিয়ে তালিকার চার নম্বরে আছেন কুমিল্লার ইমরুল কায়েস। ব্যাটিং সামর্থ্যে পিছিয়ে আছেন স্থানীয়রা। এই তালিকার শীর্ষ দশে চারজন বাংলাদেশি।
এবারে আসরে কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করেননি এখন পর্যন্ত। সর্বোচ্চ ৭৮ রানের ব্যক্তিগত ইনিংস চিটাগাংয়ের লুক রনকির। একবার করে ৫ উইকেট নিয়েছেন সাকিব ও কুমিল্লার পাকিস্তানি রিক্রুট হাসান আলি। সাকিবের ১৬ রান ৫ উইকেট এখনো এই আসরের সেরা বোলিং।
চট্টগ্রাম পর্বে মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর শেষ হবে চট্টগ্রাম পর্ব। ২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ঢাকায় আসবে বিপিএল। আগামী ৬ ডিসেম্বর শেষ হবে লিগ পর্বের খেলা। ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ ও কোয়ালিফায়ার-১ ম্যাচ। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোয়ালিফার-২ ম্যাচ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।