ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গনি মনসুরের সাথে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম সমিতি ইউকে। এসময় চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের অধীনে একটি ক্যান্সার হাসপাতাল স্থাপনের বিষয়ে সহায়তা করার ঘোষণা দেন সমিতির নেৃতৃবন্দ।
মঙ্গলবার লন্ডনের মামা থাই রেস্টুরেন্টে অনুষ্টিত মতবিনিময় সভা পরিচালনা করেন সমিতির প্রেসিডেন্ট শেলী নিজাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর। বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আলমগীর খান, সিনিয়র সদস্য মোহাম্মদ আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক হাসিব চৌধুরী, ট্রেজারার রোকন উদ্দিন, যুগ্ম সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক ইফতেখার চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলামসহ আরো অনেকে।
সভায় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, চট্টগ্রামে ক্যান্সার হাসপাতাল করার জন্য ইতিমধ্যে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের সহযোগীতা করার আহবান জানান তিনি। দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গনি মনসুর বলেন, চট্টগ্রাম সমিতি আগেও চিকিৎসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগীতা করেছে এবং আশা করেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।















