আন্তর্জাতিক ডেস্ক: চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সরকারের ওপর চাপ বৃদ্ধি করেছেন বৃটেনে রক্ষণশীল দলের সিনিয়র এমপিরা। তারা চীনকে হুমকি হিসেবে একটি শ্রেণিতে রাখার আহ্বান জানিয়েছেন। এই পদক্ষেপে সমর্থন দিয়েছেন মন্ত্রিপরিষদের কিছু সদস্য। সম্প্রতি পার্লামেন্টারি একজন গবেষককে গ্রেপ্তার করা হয়েছে বৃটেনে। অভিযোগ আছে, তিনি চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন। এরপরই এমপিরা এভাবে সোচ্চার হয়ে উঠেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কাছে বেইজিংয়ের এই হস্তক্ষেপ সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, চীনের সঙ্গে একটি উন্মুক্ত সংলাপ প্রয়োজন।
ওদিকে শনিবার পুলিশ নিশ্চিত করেছে যে, মার্চে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে দু’ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। তাদের একজনের বয়স ২০ উত্তীর্ণ এবং অন্যজন ৩০ উত্তীর্ণ। বিভিন্ন সূত্র বলেছেন, এদের একজন হলেন বৃটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পার্লামেন্টারি গবেষক।
এ নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করে সানডে টাইমস।















