দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

153

ঢাকা সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকায় দোকানে চাঁদা না পেয়ে সেলিম মাতুব্বর (৬০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। গত শুক্রবার (৪ঠা আগস্ট) আফ্রিকান স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানেসবার্গ এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সেলিম মাতুব্বর রাজৈর পৌরসভার মজুমদার কান্দি গ্রামের বাসিন্দা। এবং রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামাল মাতুব্বরের বড় ভাই। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো ভাই মো. পিকুল মিয়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২০/২৫ বছর আগে পরিবার পরিজনদের নিয়ে একটু ভালো থাকার আসায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সেলিম মাতুব্বর। সেখানে জোহানসবার্গে তিনি একটি মুদি দোকান করতেন। গত শুক্রবার রাতে তিনি তাঁর দোকানে অবস্থান করছিলেন। রাতেই স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এসময় সন্ত্রাসীরা দোকানে লুটপাট চালায়, কিন্তু তেমন টাকা পয়সা না থাকায় সেলিম মাতুব্বরের কাছে টাকা দাবি করেন।

তিনি টাকা নাই বললে তাঁকে মারধর শুরু করে। এসময় তিনি চিৎকার করলে সন্ত্রাসীরা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতেও ক্ষ্যান্ত হয়নি সন্ত্রাসীরা, পরে তাকে গুলি করে সেলিম মাতুব্বরের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার দুইদিন পর যখন তাঁর পরিবার সেলিম মাতুব্বরের কোন খোঁজ পাচ্ছিল না তখন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত তাঁর স্বজনদের মাধ্যমে স্থানীয় পুলিশের সহযোগিতায় ওই দোকানে গিয়ে সেলিম মাতুব্বরের লাশ উদ্ধার করে। এসময় লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।