দুই-এক মাসের মধ্যেই সরকার পদত্যাগে বাধ্য: দুদু

142

ঢাকা সংবাদদাতা:‘অবৈধ’ আওয়ামী লীগ সরকার দুই-এক মাসের মধ্যেই পদত্যাগে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, এই আওয়ামী লীগ সরকার কর্তৃত্ববাদী সরকার। অলিখিতভাবে দেশে বাকশাল প্রতিষ্ঠিত করেছে। পুলিশকে রক্ষী বাহিনীতে পরিণত করেছে। প্রশাসনকে নিজেদের কব্জায় নিয়ে যা খুশি তাই করছে।

তিনি বলেন, কোনো দেশের সরকার দেশের টাকা এভাবে লুটপাট করতে পারে তা বাংলাদেশের দিকে না তাকালে বোঝা যাবে না। বাংলাদেশ থেকে তারা ১৪ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশে তীব্র রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। তিনি গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত করেছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বলেছিলেন ১০ টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে-ঘরে চাকরি দিবেন। তিনি তার প্রতিশ্রুতি তো রক্ষা করেন নাই বরং দেশের মানুষকে তিনবেলার জায়গায় একবেলা খেতে বাধ্য করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, অবৈধ সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ জেগে ওঠেছে। দু-এক মাসের মধ্যে তীব্র গণআন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবে।

শামসুজ্জামান দুদু বলেন, সাংবাদিকদের হত্যা করলেই সত্য আড়াল করা যাবে এমন ভাবলে সরকার ভুল করবে। সাংবাদিকরা সত্যের পথে ন্যায়ের পক্ষে কাজ করছে। বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে। সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবি করছি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, এ সরকারের সময়ে কারও জীবনে নিরাপত্তা নেই। সাংবাদিকদের নিরাপত্তা নেই। সরকার দৈনিক দিনকালসহ ৪০০ পত্রিকা বন্ধ করে দিয়েছে। স্বাধীনতা বিশ্বাস করে না। গণতন্ত্র ও আওয়ামী লীগ একসঙ্গে যায় না। সরকারকে টেনেহিঁচড়ে নামাতে হবে। আওয়ামী লীগ সরকারকে গণতন্ত্রের পন্থায় নির্মূল করে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করব।

এ সময় তিনি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা কাদের চৌধুরী, বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান প্রমুখ।