ওয়ানবাংলানিউজ: ৪ মে অনুষ্ঠিত ইংল্যান্ডের কাউন্সিল নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ দল এক হাজারের বেশী কাউন্সিলর আসন হারিয়েছে। এর ফলে ৪০টি কাউন্সিলের নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন টোরি দল। কনজারভেটিভের হারানো আসনগুলো জিতে নিয়েছে লেবার, লিবডেম এবং গ্রিন পার্টি। লেবার দলের বড় বিজয় উদযাপনের জন্য মঙ্গলবার লন্ডনে বিজয়ী কাউন্সিলারদের চায়ের দাওয়াত দেন লেবার লীডার কিয়ার স্টারমার এবং ডেপুটি লীডার এঞ্জেলা রেইনার। লেবার নেতা বলেছেন, স্থানীয় নির্বাচনে তাঁর দলের কৃতিত্ব আগামী সাধারণ নির্বাচনে তাদের সংখ্যাগরিষ্ঠতার পথকে সুগম করেছে।
স্থানীয় নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিবিসির এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামি সাধারণ নির্বাচনে সারা দেশের ভোটার একইভাবে ভোট দিলে লেবার দল ৩৫ শতাংশ ভোট পাবে। আর কনজারভেটিভরা পাবে ২৬ শতাংশ। কিন্তু অনেক বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছেন এই জনপ্রিয়তা হয়তো পরবর্তী সাধারণ নির্বাচনে সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতায় প্রতিফলিত হবে না। লেবার দল আসন বেশী পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। তখন অন্য দলের সাথে কোয়ালিশন করতে হতে পারে। কিন্তু স্কটিশ ন্যাশনাল পার্টির সাথে কোনো ধরনের কোয়ালিশনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন লেবার নেতা। আর লিবডেমের সাথে কোয়ালিশনের সম্ভাবনা নাকচ করেননি কিয়ার স্টারমার।
লিবডেম নেতা এড ডেভিও লেবার নেতার মতো একই কথা বলেছেন। আগামি সাধারণ নির্বাচনের পর লেবার দলের সাথে লিবডেমের কোয়ালিশনে যাওয়াকে অনুমান-নির্ভর প্রশ্ন বলেছেন এড ডেভি। গত গ্রীষ্ম মৌসুমে লেবার নেতা লিবডেমের সাথে কোয়ালিশনের সম্ভাবনা নাকচ করেছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে এই দুই দল পাশাপাশি হেঁটে একটি পরিণয়ের দিকে এগিয়ে যাচ্ছে।















