বিএনপি পাশের দেশেও অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল : তথ্যমন্ত্রী

60

ঢাকা সংবাদদাতা: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি তো নিজেরা সন্ত্রাসী দল, সুতরাং দশ ট্রাক অস্ত্র পাচার করে ভারতবর্ষেও তারা অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।’

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা উন্নয়ন সমন্বয় সভার পূর্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে বিএনপি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় তৎকালীন দশ ট্রাক অস্ত্র আনা ও খালাসের ব্যাপারে প্রচারিত সংবাদের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর ঘোষণা করেছিলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পার্শ্ববর্তী কোন দেশে অশান্তি সৃষ্টি করা আমরা সহ্য করব না। সেই কারণে এ ধরনের চোরাচালান এবং অস্ত্র চোরাচালান পরিপূর্ণভাবে বন্ধ করা হয়েছে।’

এ প্রসঙ্গে তিনি আরও জানান, ‘গত বছর আমি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সফরে গিয়েছিলাম। বিএনপি’র সময়ে হাওয়া ভবন এবং তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় অস্ত্র চোরাচালান হয়েছে, বর্তমানে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে সেগুলো হচ্ছে না, সেজন্য আসামের মুখ্যমন্ত্রী আমার কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন।’

তথ্যমন্ত্রী এরপরই চট্টগ্রামের উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান বিশেষ অতিথি হিসেবে এবং বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।