ঢাকা সংবাদদাতা: ঢাকার ধামরাইয়ের কালামপুরে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রায় ২৭ ছাত্রের সঙ্গে এক শিক্ষকের সমকামিতার ঘটনা ফাঁস হয়েছে। এতে কলেজ চত্বরসহ পুরো ধামরাইজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ভোক্তভোগী ছাত্রদের মধ্যে ১১ জন ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কলেজের সভাপতি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, ধামরাইয়ের ওই কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মোঃ আমিনুল ইসলাম কলেজের ছাত্রদের ফেল করানো, পরীক্ষা দিতে না দেয়াসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার সাথে সমকামিতা করতে বাধ্য করতেন। তার এমন অনৈতিক কর্মকাণ্ডের কোন ছাত্র রাজি না হলেই তাকে ভয় দেখাতেন তিনি। এ ঘটনায় ভূগোল বিভাগের কয়েকজন শিক্ষার্থী অতিষ্ঠ হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর কাছে অভিযোগ দেন।
গত দুদিন ধরে এমন ঘটনা ফাঁস হওয়ায় কলেজ পাড়াসহ পুরো ধামরাই জুড়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আর শিক্ষক আমিনুল ইসলামকে কলেজে আসতে বারণ করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মাইন উদ্দিন।
কয়েকজন ছাত্র জানান, আমরা ভূগোল বিভাগের ছাত্র। আমিনুল ইসলাম স্যার কৌশলে তার পছন্দের ছাত্রদের সমকামিতা করার প্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজি না হলেই বিপদ ছিল। তাই বাধ্য হয়েই স্যারের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছি। তারা ওই স্যারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগকারী কয়েকজন ছাত্র জানান, আমরা বাধ্য হয়েই এমন চরিত্রহীন স্যারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছি।















