ঢাকা সংবাদদাতা: রাজধানী ঢাকার পর এবার সারাদেশে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৫ নভেম্বর) এক সম্পূরক আবেদনের পর বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে গত ৮ অক্টোবর ঢাকায় মালিক-চালকদের কাছে থাকা যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
গত ২৩ আগস্ট রাজধানীতে চলাচলকারী যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। একইসঙ্গে ২৭ আগস্টের পর কোনও গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হলে ওই পরিবহন জব্দেরও নির্দেশ দেওয়া হয়।
রিট আবেদনে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনও যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়।















