জয়বাংলা রোডে অজ্ঞাত আততায়ীর হাতে শিক্ষক দম্পতি খুন

215

আশরাফ খান: টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী আমজাদ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার জলিকে তাদের নিজস্ব গাড়িতে খুন করা হয়েছে। তবে আততায়ী কারা ছিল এখনো তা অজানা আছে।

জানা যায় বুধবার বিকেলে তারা নিজের গাড়িতে করে বের হয়েছিলেন। জিয়াউর রহমান মামুন নিজেই গাড়ি ড্রাইভ করতেন। কিন্তু রাত্ গভীর হলেও তারা বাসায় ফেরেন নি। পরে অনেক খোঁজাখুঁজি করেও রাত তাঁদের সন্ধান মিলে নি। পরে বৃহস্পতিবার ফজরের সময় বড়বাড়ীর বগারটেক এলাকায় জয়বাংলা সড়কের পাশে নিজস্ব প্রাইভেট কারের মধ্যে তাঁদের দু’জনের লাশ পাওয়া যায়।

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী জানান, লাশ উদ্ধার শেষে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়মনতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম টেলিফোনে বলেন, আমাদের কাছে পুরো ঘটনাটিই রহস্যঘেরা মনে হচ্ছে। বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু কিনা কিংবা পূর্বশত্রুতাবশত হত্যাকাণ্ড কিনা—এসব বিষয় নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি যোগ করেন, নিহত প্রধান শিক্ষক ড্রাইভিং সিটে ছিলেন। তার হাতটিও গাড়ির স্টিয়ারিংয়ে ছিল। তার সঙ্গে থাকা মোবাইল ফোনও পাওয়া গেছে। জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রীর মানিব্যাগ ও ভ্যানিটি ব্যাগও গাড়িতেই ছিল। সবমিলিয়ে রহস্য উদঘাটনে কাজ চলছে।
শিক্ষক দম্পতির এমন মৃত্যুর ঘটনায় টঙ্গী ও গাজীপুরের শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।