ঢাকা সংবাদদাতা: সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার সময় রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের চাকা খুলে যাবার ঘটনা ঘটেছে।
এজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট উঠা নামা বন্ধ করে সকাল ১০টা ৪৫ মিনিটে নিরাপদে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
এর আগে সকাল সাড়ে নয়টায় ৬৬ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।আর সেসময়ই রানওয়েতে একটি চাকা খুলে যায়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৪ ফ্লাইটটিতে পাইলটসহ ৭১ জন যাত্রী ছিলেন।
বিমানটি নিরাপদে অবতরণ করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফ্লাইটটিতে থাকা বিমানযাত্রীরা।















