ঢাকা সংবাদদাতা: ঈদের জামাতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বিষটি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ওই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ কাজ করে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে গোলাবাড়ির রুবেল ভূঁইয়া পাশের ঈদগাহে মোস্তাক আহমেদকে গুলি করেন। এ সময় মাঠে থাকা মুসুল্লিরা ছোটাছুটি শুরু করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে।
মোস্তাকের ছোটভাই মনির বলেন, কিছু দিন আগেও রুবেল আমাকে মারধর করেন। তার নামে মামলা থাকার পরও সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এর আগেও অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।
ওসি সহিদুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে যায়। আমরা অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানানো হবে।
৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার ও কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। এখন পরিস্থিতি স্বাভাবিক। গোলাগুলির ঘটনায় ওই ঈদগাহে একঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়।















