আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অবশ্যই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সৌদি সফরকালে মদিনার মসজিদে নববীতে স্লোগানের ঘটনায় ইমরান খানের নামে মামলা করা হয়েছে। জিও টিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী রোববার এক বিবৃতিতে ইমরান খানকে গ্রেপ্তার করা হবে বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মসজিদে নববীতে তারা যা করেছে, কোনোভাবেই তাদেরকে ক্ষমা করা হবে না। অবশ্যই ইমরান খানকে গ্রেপ্তার করা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব সফরকালে গত বৃহস্পতিবার মদিনার মসজিদে নববীতে যান। সেখানে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের লক্ষ্য করে স্লোগান দেন পাকিস্তানিরা। এ সময় শাহবাজকে চোর বলেও স্লোগান দেয়া হয়। এ ঘটনায় পাঁচজন পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে মদিনার পুলিশ।















