খেলাধুলা ডেস্ক: বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সুনিল নারাইনের ব্যাটিং তাণ্ডবে উড়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনালেও শেরেবাংলার গ্যালারিতে ঝড় তুললেন নারাইন। কিন্তু তার বিধ্বংসী ব্যাটিংয়ের পরেও কাঙ্ক্ষিত সংগ্রহ পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫১ রান। সপ্তম উইকেটে মঈন আলী-আবু হায়দার রনির ৫৩ রানের জুটিতেই মূলত দেশড়’ পেরিয়েছে কুমিল্লার সংগ্রহ।
বিপিএলের অষ্টম আসরের ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। চার-ছক্কার ফুলঝুরিতে প্রথম দুই ওভারেই ৩৬ রান তুলে ফেলেন সুনিল নারাইন। আগের ম্যাচে ১৩ বলে ফিফটি হাঁকানো নারাইন এবার পঞ্চাশ ছুঁয়েছেন ২১ বলে। বিপিএলের ফাইনালে যা দ্রুততম ফিফটির রেকর্ড।
ষষ্ঠ ওভারে মেহেদী হাসান রানার প্রথম বলেই ছক্কা হাঁকান নারাইন। দ্বিতীয় বলেও উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন নাজমুল হোসেন শান্তর হাতে। ২৩ বলে ৫৭ রানের ইনিংসটি তিনি সাজান সমান ৫টি করে চার-ছক্কায় ৫৭।
আরেক ওপেনার লিটন দাস সুবিধা করতে পারেননি। ৪ রান করে সাকিব আল হাসানের বলে সরাসরি বোল্ড হয়ে লিটন ফেরেন সাজঘরে। তবে দলীয় ৬৯ রানে নারাইনের বিদায়ের পরেই মূলত ধস নামে কুমিল্লার ব্যাটিংয়ে। ১০ রানের ব্যবধানে আউট হন মাহমুদুল হাসান জয় ও ফাফ ডু প্লেসি। ৭ বলে ৮ রান করা জয় কাটা পড়েন রানআউটে। মুজিব উর রহমানের বলে রিটার্ন ক্যাচে ফেরেন ডু প্লেসি (৪)। দলীয় ৯৪ রানে অধিনায়ক ইমরুল কায়েসকে প্যাভিলিয়নের পথ দেখান ব্রাভো। ১২ বলে ইমরুলের সংগ্রহ ১২ রান। উইকেটে এসে থিতু হওয়ার আগেই আরিফুল হককে (০) বোল্ড করেন মুজিব। প্রথম ওভারে ১৮ রান খরচ করা মুজিব ৪ ওভার শেষে ২৭ রানে নিলেন ২ উইকেট। অধিনায়ক সাকিব ৪ ওভারের কোটা শেষ করেন ৩০ রান খরচায়।
৯৫ রানে ৬ উইকেট হারিয়ে বসা কুমিল্লার শেষ ভরসা ছিলেন মঈন আলী। দেখে শুনে খেলছিলেন মঈন। আগের ম্যাচে ১৩ বলে ৩০* রানে অপরাজিত থাকা এই ইংলিশ অলরাউন্ডার এবার প্রথম ১৫ রান করেন ১৯ বলে। ২১তম বলে হাঁকান প্রথম বাউন্ডারি। শেষ পর্যন্ত ৩২ বলে ৩৮ রান করে রানআউট হন ইনিংসের শেষ ওভারে। তার ইনিংসটিতে ছিল দুই চার ও এক ছক্কার মার। আবু হায়দার রনির অবদান কম নয়। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান এই পেসারের। ২৭ বলে একটি করে চার-ছয়ে ১৯ রান করেছেন রনি। শফিকুল ইসলামের করা ২০তম ওভার থেকে মাত্র ৩ রান তুলেছে কুমিল্লা। উইকেট হারিয়েছে ৩টি। ৪ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন পেসার শফিকুল।














