জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

220
ছবি: সংগৃহীত

ওয়ান বাংলা নিউজ :: উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মার্কিন মিশনের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষেদের কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়া সর্বশেষ যে মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে তা ছিল জানুয়ারি মাসে দেশটির পক্ষ থেকে সপ্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনা সূত্রগুলো বলছে, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি ২,০০০ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং প্রায় ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পতিত হয়। আমেরিকার সামরিক সতর্কীকরণ কেন্দ্র দাবি করেছে, গত মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল বা অ্যালেউটেইন দ্বীপপুঞ্জে আঘাত হানার সক্ষমতা রাখে।

দুইটি সংশ্লিষ্ট মার্কিন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে উস্কানি হিসেবে দেখছে ওয়াশিংটন যা কেবল উদ্বেগই বাড়াচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘গভীরভাবে অস্থিতিশীলতাকারী’ পদেক্ষপ বলে অভিহিত করেছিলেন। তিনি এমএসএনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মিত্র দেশগুলোর সঙ্গে আমরা এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এসব পদক্ষেপের জন্য উত্তর কোরিয়াকে মূল্য দিতে হবে।

 

ওয়ানবাংলানিউজ / ২ ফেব্রুয়ারি ২০২২ / আল-আমিন