দুর্বলকে পরাজিত করে জিততে চাই না : কাদের

619

ঢাকা সংবাদদাতা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে বিএনপি আসুক এটা আমরা মনে প্রাণে চাই। আমরা দুর্বলকে পরাজিত করে জিততে চাই না।’

আজ রোববার সচিবালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগ দেওয়া নতুন সচিব মো. নজরুল ইসলামকে বরণ আর বিদায়ী সচিব এম এ এন ছিদ্দিককের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী।

বিএনপির নির্বাচন কমিশনের সংলাপে যাওয়াকে ইতিবাচক মনে করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সিইসির হয়তো মনে হয়েছে যে বিএনপি সংলাপেও আসবে ইলেকশনেও আসবে। সংলাপে তো তারা গেল আজ। তো ইলেকশনে তারা আসবে না এমন নেগেটিভ কথা আমরা কেন বলব। আমিও তো বলছি যে বিএনপি একটা শক্তিশালী প্রতিপক্ষ। বড় দল।’

ওবায়দুল কাদেরের প্রত্যাশা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নেবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ১১টি প্রস্তাব দেবে আওয়ামী লীগ।