বিদেশ যেতে বিমানবন্দরে প্রধান বিচারপতি

1018

ঢাকা সংবাদদাতা : হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বিমানবন্দরের পথে রওনা হয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৫৭ মিনিটে তিনি বাসা থেকে বের হন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুষমা সিনহা।
বাসা থেকে বের হওয়ার সময় গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়নি। আমি নিজে থেকেই ছুটি নিয়েছি। বিচার বিভাগ স্বাধীন থাকুক, এটাই আমি চাই।’

এর আগে বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। সেই ফ্লাইটের টিকিট কেটেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

বিদেশে যাওয়ার বিষয়টি গত ১০ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। ওই চিঠিতে আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় থাকতে চান বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রধান বিচারপতির বিদেশ যাওয়া সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করে আইন মন্ত্রণালয়।